দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের উত্তরবাজার এলাকায় অবস্থিত হাসপাতালটিতে জেলা স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করে।
জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূর অভিযানে উপস্থিত ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নির্লব হাসান মিন্টু নামের এক ব্যক্তি প্রায় তিন মাস যাবৎ ভাড়া ভবনে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ পরিচালনা করছিলেন। অনুমোদন ছাড়া সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।
এ ঘটনায় শনিবার আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে ময়মনসিংহের প্রান্ত হাসপাতাল এবং পরে নেক্সাস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবার অভিযোগ করেছেন, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল পরিচালক নির্লব হাসান মিন্টু বলেন, আমরা অনুমোদনের জন্য আবেদন করেছি। এটি পেন্ডিং অবস্থায় আছে। তবে আমাদের হাসপাতাল থেকে কোন রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে হাসপাতালটি বন্ধ করা হয়েছে এবং অনুমোদন পাওয়া গেলে পুনরায় কার্যক্রম চালানো যাবে।
জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন বলেন, অব্যবস্থাপনা, অনুমোদন ছাড়া ও নিয়ম না মেনে পরিচালনা করা হাসপাতালগুলোতে অভিযান ক্রমান্বয়ে চালানো হবে।
জে আই